অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০১:৪৯ পিএম

অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমায় আগের মতো নিয়মিত নন, তবে তিনি এখন বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি তাকে নিয়ে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। ‘শিকার’ নামের ওই প্রজেক্টটি শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও পরে তা আর শুরু হয়নি। তবে অবশেষে সিদ্ধান্ত বদল হয়েছে—এটি এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মিত হচ্ছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রাথমিক পরিকল্পনা ছিল ওয়েব ফিল্ম বানানোর। কিন্তু পরবর্তী সময়ে বাজেট, গল্প ও অভিনয়শিল্পী—সব দিক বিবেচনায় এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা করা বেশি উপযোগী মনে হয়েছে। তিনি বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প, অভিনয়শিল্পী সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।’

নির্মাতা আরও জানান, ‘শিকার’ সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তারা। ইতিমধ্যে সিনেমার একটি গান রেকর্ড করা হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি।

কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। এছাড়া আরেকটি গানের রেকর্ডিংয়ের প্রস্তুতি চলছে, যা আজ আকাশ মাহমুদের সুরে করা হবে বলে জানা গেছে। স্যাড ঘরানার এই গানে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। তিনি বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

Link copied!