ছবি: এপি
বিশ্বকাপে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের বড় অংশে দশজনের দল নিয়েও প্রত্যাশিত জয় তুলে নেয় স্বাগতিকরা।
আজ (বৃহস্পতিবার) সকালে সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত ৭৮ শতাংশ বলের দখল ছিল ক্রিশ্চিয়ান পুলিসিকদের দলে।
তবে সেই সময় গোলের দেখা মেলেনি। বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে স্বস্তির গোল এনে দেন ফোলারিন বালোগুন। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপিয়ে যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বালোগুনকে। এতে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা এবং ম্যাচে কিছুটা চাপ তৈরি হয়।
তবুও শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। ৮২তম মিনিটে তার গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের এবং তারা পৌঁছে যায় শেষ ষোলোতে।
শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম।