জুলাই ৪, ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রেকর্ড উচ্চ তাপমাত্রার কারণে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) বিভিন্ন আয়োজন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ বেড়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতির মধ্যেই প্রায় ১৬ কোটি মানুষ তীব্র বা চরম তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে।
অতিরিক্ত গরমের কারণে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে স্বাধীনতা দিবসের কিছু অনুষ্ঠান দুপুরের দিকে আংশিকভাবে স্থগিত করা হয়।
‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ অনুষ্ঠানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত এক তরুণীকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আরও কয়েকজন দর্শক অসুস্থ হয়ে পড়লে আয়োজকেরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।
নিউইয়র্ক সিটিতেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। আবহাওয়াবিদরা আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করলেও, বাস্তবে তা প্রায় ১০৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস) অনুভূত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ শহরজুড়ে কুলিং সেন্টার চালু করেছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তির জন্য পাবলিক সুইমিং পুলের কার্যক্রমের সময়ও বাড়ানো হয়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানিয়েছে।