জুলাই ৫, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: এপি
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে লে ব্লুরা।
আজ (রোববার) বাংলাদেশ সময় ভোররাতে যুক্তরাষ্ট্রের লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে ছিল ফ্রান্স। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি প্যারাগুয়েও। পুরো প্রথমার্ধে কোনো দলই লক্ষ্যে শট রাখতে না পারায় বিরতিতে যায় গোলশূন্য সমতায়।
বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ফরাসিরা। ম্যাচের ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোল পায় তারা। এর আগে দুর্দান্ত ড্রিবলিংয়ে বক্সে ঢুকে পড়েন দেজিরে দুয়ে। তাকে থামাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন প্যারাগুয়ের এক ডিফেন্ডার। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআর মনিটরে ঘটনা দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
এক গোল পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। তবে ফ্রান্সের সংগঠিত রক্ষণ ভেদ করতে পারেনি তারা। যোগ করা অতিরিক্ত ১০ মিনিটেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।
এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে শেষ আটের এই লড়াই।