শাকিব খান | ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়।
জানা গেছে, নির্বাচনের সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। ভোটগ্রহণের আগের দিন বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। ফলে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলের শিরোপা লড়াই দেখতে চান তিনি। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনাও রয়েছে তার।
তবে বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। গ্রিন কার্ডধারী হওয়ায় যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় শাকিব খানকে। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এই সফর গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।