ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০১:৪৪ পিএম

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

ছবি: সংগৃহীত

২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে নরওয়ে। নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়ে এবার শেষ ষোলোর লড়াইয়ে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ব্রাজিল। আজ রাতের হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়েজিয়ানরা।

কাগজ-কলমে ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরা হলেও প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভীত নন নরওয়ে কোচ স্টেল সোলবাকেন। উল্টো নেইমার-ভিনিসিউসদের দলটিকে তিনি ‘খুব বড় মাপের’ কিছু ভাবতেই নারাজ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী শোনায় সোলবাকেন। তিনি বলেন,

আমার মনে হয় না ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট; যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা লম্বা সময় ধরে বেশ ভালো ছন্দে আছি। দলের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, খেলার নিজস্ব একটা ধরনও দাঁড়িয়ে গেছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের ম্যাচে দারুণ সাহায্য করবে।

নরওয়ের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে একটি পরিসংখ্যানগত স্বস্তিও। ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে দু’বার মুখোমুখি হয়েছে নরওয়ে, এবং প্রতিবারই জয় পেয়েছে ইউরোপের এই দলটি। বিশেষ করে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি করতে চায় সোলবাকেনের দল।

দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন,

আমরা আর্লিং হল্যান্ডকে কার্যকরভাবে ব্যবহার করার এবং তাকে বল জোগান দেওয়ার সঠিক পথ খুঁজে পেয়েছি। আমরা এমন এক দল, যারা কেবল রক্ষণে বসে ব্রাজিলের অপেক্ষা করবে না; আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।

তবে ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগের কথা মাথায় রেখে রক্ষণেও সতর্ক নরওয়ে কোচ। তার ভাষায়,

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৯০ বা ১২০ মিনিট—যে কোনো সময় আমাদের হয়তো রক্ষণ সামলাতে হতে পারে। সেই সময়টাতেও আমাদের সেরা মনোযোগ ধরে রাখতে হবে। আমরা যেন চাপের মধ্যে না পড়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারি, সেটাই মূল লক্ষ্য।

কৌশলগত পরিকল্পনা নিয়ে সোলবাকেন আরও বলেন,

আমাদের লেফট ও রাইট ব্যাকদের ভূমিকা আজ খুব গুরুত্বপূর্ণ হবে। উইং ব্যাকদেরও সাহায্য করতে হবে, যাতে রক্ষণভাগে কেউ একা একা ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে না পড়ে। আমরা জোন ডিফেন্সে সফল হতে পারলে রক্ষণে সবাই সমর্থন পাবে।

পরিসংখ্যান ও আত্মবিশ্বাসের জোরে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানিয়ে নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে কি না, তার উত্তর মিলবে আজ রাতেই।

Link copied!