বিয়ের পাঁচদিন পরেই সুখবর দিলেন আমির খান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৫:২৪ পিএম

বিয়ের পাঁচদিন পরেই সুখবর দিলেন আমির খান

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর পর এবার পেশাগত জীবনেও সুখবর দিলেন বলিউড তারকা আমির খান। গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন এই অভিনেতা। বিয়ের মাত্র পাঁচ দিনের মধ্যেই ভক্তদের জন্য নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রকল্পের খবর জানিয়েছেন আমির।

জানা গেছে, আমির খান প্রোডাকশনস, কবীর খান ফিল্মস এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে ‘সিল্কইয়ারা ৪১’ নামের সিনেমাটি। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস।

‘সিল্কইয়ারা ৪১’-এর গল্প আবর্তিত হবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। দীর্ঘ ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর উদ্ধারকারী দল সফলভাবে শ্রমিকদের নিরাপদে বের করে আনে। সেই অসাধারণ উদ্ধার অভিযানই এবার বড় পর্দায় তুলে ধরবেন নির্মাতারা।

নির্মাতাদের মতে, এটি শুধু একটি উদ্ধার অভিযানের গল্প নয়; বরং সাহস, মানবতা, অদম্য মানসিক শক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দলিল। সিনেমাটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টানেলিং বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্সের ভূমিকাও তুলে ধরা হবে।

নতুন এই প্রকল্প প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান বলেন, ‘মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনসের এই যুগান্তকারী সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযান সাহসিকতা ও মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ে এই ছবির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।’

‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ও ‘৮৩’-এর মতো সফল সিনেমার নির্মাতা কবীর খানের সঙ্গে আমির খানের এই নতুন সহযোগিতা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনে নতুন সূচনার পর পেশাগত ক্ষেত্রেও বড় এই ঘোষণায় ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

Link copied!