রাজধানীর বাংলামোটরে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৩:৫৫ পিএম

রাজধানীর বাংলামোটরে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একটি জাম্বুরা গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে।

প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং প্রায়ই ওই এলাকায় অবস্থান করতেন।

পুলিশের ধারণা, রাতের কোনো একসময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!