জুলাই ১১, ২০২৬, ০৩:৪৫ পিএম
প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন এখনো অনুষ্ঠিত হয়নি। কয়েক দফা তারিখ পরিবর্তনের পরও আয়োজন বাস্তবায়ন না হওয়ায় সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করা শিক্ষার্থীদের ফি ফেরত দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম সমাবর্তন গত বছরের ২০ ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় অনুষ্ঠানটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।
সমাবর্তন কমিটি সূত্রে জানা গেছে, প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল। নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের সময় বাড়ানো, ফি কমানো এবং বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি বিবেচনায় নেওয়া হয়েছিল। পাশাপাশি জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতিকেও সমাবর্তন স্থগিতের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, প্রয়োজনীয় বাজেটের অভাবেও সমাবর্তন আয়োজন সম্ভব হয়নি।
বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী এস এম শাহেদুল আলম বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি নির্বাচনের পর বিষয়টি নিয়ে বসার আশ্বাস দিলেও নির্বাচনের কয়েক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, সমাবর্তনের জন্য খুব অল্পসংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীর সংখ্যা কম হওয়ায় নিবন্ধন ফি ফেরত দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি শেষ হওয়ার পর সমাবর্তন আয়োজনের বিষয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা হবে।