ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৪:২৫ পিএম

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। একই সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও এর সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়। এছাড়া নগরীর বালুচর এলাকার আবরার হোসেন, জাহিদ, মেডিকেল কলেজের এক শিক্ষার্থী এবং এক রোগীর স্বজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে এক শিশুরোগীকে নিয়ে কয়েকজন স্বজন জরুরি বিভাগে আসেন। এ সময় দায়িত্বে থাকা এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর স্বজনরা বাইরে থেকে আরও লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ছয়জন আহত হন এবং জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইন্টার্ন চিকিৎসক রাকিন হান্নান জানান, আহত দুই চিকিৎসকের একজনের অবস্থা গুরুতর। অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত রোগীর তিন স্বজনও হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর গভীর রাতে পৃথক বিবৃতিতে ইন্টার্ন ডক্টরস ফোরাম ও সাধারণ শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন।

 

 

 

Link copied!