ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, আমি বিএনপির একজন কর্মী।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে এসব কথা বলেন তিনি।
শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী বড় হয়েছেন, লেখাপড়া করেছেন ঢাকায়; আর আমি লেখাপড়া করে বেড়ে উঠেছি বগুড়ায়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার সঙ্গে সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, আমার কথার খণ্ডিত অংশ প্রচার করবেন না। বরং পুরো বক্তব্য তুলে ধরবেন।
নিজেকে নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সমালোচনা নিয়ে তিনি চিন্তিত নন। বরং সমালোচনার কারণেই তিনি দেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন। তার ভালো-মন্দের বিচার জনগণই করবেন।
নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মীর শাহে আলম বলেন, নির্বাচনী হলফনামায় তিনি তার সব সম্পদ ও তথ্য উল্লেখ করেছেন, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তিনি বলেন, এসব তথ্য গোপন করে তার সম্পদ প্রতিমন্ত্রী হওয়ার পর আটগুণ বেড়েছে—এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদ দেখলে খারাপ লাগবে বলেও জানান।
প্রতিমন্ত্রী বলেন, এসব সংবাদ করে হেয় প্রতিপন্ন করার আগে যাচাই-বাছাই করে নেয়ার অনুরোধ করছি।