ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:৩৪ পিএম

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে গেছেন নোয়াখালীর এক যুবক। পাশাপাশি ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ নিয়ে উপস্থিত হন মো. রাকিব (২২)। তিনি সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।

রাকিবের দাবি, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে কয়েকজনের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখছিলেন তিনি। ওই ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এ কারণেই তার সমর্থিত মিশর দল পরাজিত হয়েছে।

অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন রাকিব।

তার অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিশরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেন।

রাকিব ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখার পর থেকে তিনি ও তার অভিযোগের সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনার বিচার হওয়া উচিত। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় একই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার কথা জানান তিনি। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালনের কথাও বলেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এক ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন।

তিনি বলেন, ওই ব্যক্তিকে জানানো হয়েছে, ঘটনার স্থান (প্লেস অব অকারেন্স) এখানে নয় এবং এ দেশের এখতিয়ারেও বিষয়টি পড়ে না। তাই এখানে জিডি গ্রহণ করা সম্ভব নয়। তবে তিনি চাইলে ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নিতে পারেন।

Link copied!