ফিফা বিশ্বকাপ ২০২৬

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:১১ পিএম

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ছবি: এপি

হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনালের নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে লিওনেল মেসির দল।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। যদিও বল দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড, তবুও গোছানো আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি তারা। বরং ম্যাচের ১০ মিনিটেই নিজেদের ভুলের খেসারত দিতে হয় সুইসদের। বল হারানোর পর পাওয়া কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে সেটিই ছিল একমাত্র গোল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। সুইজারল্যান্ড আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। প্রথমার্ধ থেকেই তাদের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ডান এনদোয়ে। ৬৭তম মিনিটে রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বাইলাইন ঘেঁষে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। এতে ১-১ সমতায় ফেরে সুইজারল্যান্ড।

তবে সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় সুইসরা। ৭২তম মিনিটে প্রথমে ব্রিল এমবোলোর ওপর ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে দেখা যায়, এমবোলো ফাউলের অভিনয় করেছেন। পরে সিদ্ধান্ত বদলে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ডকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন এমবোলো। রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি।

একজন বেশি নিয়ে খেললেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে এমবোলোর লাল কার্ডের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে তারা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে দীর্ঘক্ষণ সুইস রক্ষণ ভাঙতে না পারলেও শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেসের ব্যক্তিগত নৈপুণ্যে আসে কাঙ্ক্ষিত গোল।

১১২তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্ত। থমাস লোপেসের পাস পেয়ে বাম দিক থেকে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। চোখজুড়ানো সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে সেই সুযোগে পাল্টা আক্রমণে আরেকটি গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Link copied!