ফিফা বিশ্বকাপ ২০২৬

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:০১ পিএম

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ছবি: এপি

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন জুড বেলিংহাম।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে লিড নেয় তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে দুর্দান্ত ফিনিশে সমতায় ফেরান বেলিংহাম।

তবে ইংল্যান্ডের সমতাসূচক গোলটি ঘিরে দেখা দেয় বিতর্ক। নরওয়ের দাবি, গোলের আগে গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিক স্টেডিয়ামের স্কাইক্যামের তারে লেগে নিচে নেমে আসে। সেই বল থেকেই আক্রমণ গড়ে তোলে ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত সমতার গোলটি করে। যদিও রেফারি গোলটি বৈধ বলে সিদ্ধান্ত দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন জুড বেলিংহ্যাম। প্রায় ৩০ গজ দূর থেকে মর্গান রজার্সের নেওয়া জোরালো শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড ঠিকভাবে তালুবন্দি করতে ব্যর্থ হন। তাঁর হাত ফসকে বেরিয়ে আসা বল ছয় গজের মধ্যে পেয়ে সহজেই জালে পাঠান বেলিংহ্যাম। তাঁর দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা।

Link copied!