পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:২৩ পিএম

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ছবি: সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শক্ত অবস্থানে থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া। যদিও গোলশূন্য ছিল প্রথম ৪৫ মিনিট। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় এশিয়ার দলটি।

পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে সন হিউং-মিন ও কাং-ইন লিদের নেতৃত্বে একাধিক সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বো হংয়ের শিষ্যরা।

তবে ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফালের লং থ্র থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন অধিনায়ক লাডিস্লাভ ক্রেজি।

গোল হজমের পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ৬৭তম মিনিটে সমতায় ফেরান হোয়াং ইন-বেওম। পিএসজির তারকা কাং-ইন লি‍‍`র দারুণ পাস থেকে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।

সমতায় ফেরার পর একের পর এক আক্রমণ শানায় দক্ষিণ কোরিয়া। তবে চেক গোলরক্ষক কোভার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

শেষ পর্যন্ত ৮০তম মিনিটে আসে ম্যাচের নির্ণায়ক মুহূর্ত। সনের বদলি হিসেবে মাঠে নামা হিয়ন-গিউ ওহ ডি-বক্সের ভেতরে চেক প্রজাতন্ত্রের দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করে দক্ষিণ কোরিয়াকে প্রথমবারের মতো এগিয়ে দেন। তুরস্কের ক্লাব বেসিকতাসে খেলা ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা চালায় চেক প্রজাতন্ত্র। তবে দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। ফলে ইউরোপের দলটিকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ কোরিয়া।

Link copied!