ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৭:০৯ পিএম

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের মধ্যে চলমান হতাশার মধ্যে ব্যাংকটিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (বুধবার) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক প্রয়োজনমতো অর্থ উত্তোলন করতে না পারায় উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ব্যাংকটির কার্যক্রম পর্যবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ নেওয়া হলো।

Link copied!