হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৯:৪৩ পিএম

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন শিশু, সিলেটে দুটি, চট্টগ্রামে একটি এবং ময়মনসিংহে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৫৮৩ শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশের ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!