দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ জুন) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানদের জন্য বেশ কিছু শর্তও নির্ধারণ করেছে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।