বাজেটে বাড়ছে সিগারেটের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৪:০৭ পিএম

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানির ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক এবং হিটেড টোব্যাকোর ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তামাক ও তামাকজাত পণ্যের নতুন মূল্য ও কর কাঠামোর ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার ন্যূনতম খুচরা মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরে ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের এই প্রস্তাব করা হয়েছে।

এবারের বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোকে পৃথক কর কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে তার ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে প্রতি ১০ শলাকা হিটেড টোব্যাকোর মূল্য ২১০ টাকা ধরে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের আমদানি নিরুৎসাহিত করতে নতুন শুল্ক কোডের আওতায় ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবও রাখা হয়েছে।

এছাড়া অবৈধ তামাকপণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে।

তবে তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহার দাবি, করহার না বাড়িয়ে মূল্য বৃদ্ধি করায় বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করার সুযোগ পাবে। বিশেষ করে নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!