জুন ৮, ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫ জন শিশু।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যুর মধ্যে ৭টি শিশু হামের উপসর্গে এবং ১টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬২৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৩৬ জন হামের উপসর্গে এবং ৯২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৯২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৯৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ১৯৪ জন শিশু ছাড়পত্র পেয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন।
এই সময়ে মোট ৬৫ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের এই ধারাবাহিক বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও দ্রুত চিকিৎসা ব্যবস্থার ওপর আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।