মে ২৯, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৮৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৫৭৫ শিশু।
নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৮ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৬৭৪ শিশু।
এই সময়ে ৬১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৮৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। এর মধ্যে ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
একই সময়ে মোট ৫৪ হাজার ৭৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৫১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।