মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:৫৭ পিএম

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ (শুক্রবার) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। 

এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু  তারা পালিয়ে যায়।

সকালে ঘটনাটি অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হলে তিনি বলেন, ‘এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

ঘটনার পরপরই অ্যাটর্নি জেনারেল প্রশাসনিক কর্মকর্তাকে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সম্ভাব্য ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Link copied!