অধিনায়ককে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৫:৫০ পিএম

অধিনায়ককে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হওয়ার আগে কানাডা শিবিরে এসেছে একসঙ্গে স্বস্তি ও দুশ্চিন্তার খবর। চোট কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার মোইস বম্বিতো। তবে অধিনায়ক আলফনসো ডেভিসকে ছাড়াই মাঠে নামতে হবে স্বাগতিকদের।

কয়েক সপ্তাহ ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ডেভিস। ফলে টরন্টোতে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডার প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না কানাডার এই তারকা ফুটবলার।

ডেভিসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার প্রধান কোচ জেসে মার্শ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, বায়ার্ন মিউনিখের হয়ে সেমিফাইনাল খেলতে গিয়ে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ডেভিস।

কানাডার জন্য এটি বড় ধাক্কা হলেও তার সুস্থতা নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। জেসে মার্শ জানান, সাম্প্রতিক মেডিক্যাল স্ক্যানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে এবং পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। যদিও তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে ডেভিস পুনর্বাসন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করে যাচ্ছেন। জাতীয় দল, খেলোয়াড় এবং তার ক্লাবের সমন্বয়ে এই পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়েছে।

অন্যদিকে কানাডার জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে মোইস বম্বিতোর প্রত্যাবর্তন। গত অক্টোবরে পায়ের হাড়ে চোট পাওয়ার পর তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা করে নেন এই ডিফেন্ডার।

চোট কাটিয়ে এখন পুরোপুরি ম্যাচ খেলার জন্য প্রস্তুত বম্বিতো। ফলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।

Link copied!