রোনালদোর পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০২:৩২ এএম

রোনালদোর পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো

ছবি: এপি

ক্রিশ্চিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ অভিযান শুরু হলো হতাশাজনক ফল দিয়ে। ১৯৭৪ সালে জায়ার নামে প্রথমবার বিশ্বকাপ খেলা ডিআর কঙ্গো ৫২ বছর পর আসরে ফিরে পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি ছিল চতুর্থ গোল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ভাসানো ক্রসে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ইওয়ান উইসা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল, কিন্তু কঙ্গোর শক্ত রক্ষণভাগ ভেদ করে আর গোল আদায় করতে পারেনি রোনালদোদের দল।

এদিন মাঠে নেমে আরেকটি মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে তিনি লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান। এছাড়া ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগালের হয়ে একাদশে নামার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন পর্তুগাল অধিনায়ক।

পর্তুগাল তাদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

Link copied!