ছবি: সংগৃহীত
বিশ্বকাপে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্পেন। চোট কাটিয়ে ফেরা তরুণ তারকা লামিন ইয়ামালের অনবদ্য পারফরম্যান্সে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। দীর্ঘদিনের গোলখরা ভাঙেন ইয়ামাল। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই ১০ মিনিটে জালের দেখা পান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
ইয়ামালের গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্পেন। মিকেল ওয়ারজাবাল দুর্দান্ত নৈপুণ্যে জোড়া গোল করে প্রথমার্ধেই দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। তার দুটি গোলই আসে সৌদি রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে।
বিরতির আগেই ম্যাচের ফল অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ লুইস ডি লা ফুয়েন্তে ইয়ামাল ও ওয়ারজাবালকে বিশ্রাম দেন। তবে তাতেও স্পেনের আক্রমণের ধার কমেনি।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে তৈরি হওয়া আরেকটি আক্রমণে সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাকতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে স্পেন।
প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করায় সমালোচনার মুখে পড়েছিল স্পেন। তবে সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে ডি লা ফুয়েন্তের শিষ্যরা।
এই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে এসেছে স্পেন। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এখন কঠিন চাপে পড়ে গেছে সৌদি আরব।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেন মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প থাকবে না এশিয়ার প্রতিনিধিদের সামনে।