নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২৬, ০১:৫৬ পিএম

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

ফিফা বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে আফ্রিকার দলটি।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মিশর। ম্যাচের ১৫ মিনিটে ফিন সারমানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে মিশরীয়রা।

সমতায় ফেরার সূচনা করেন মোস্তফা জিকো। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির বাড়ানো বল থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। এরপর ৬৭ মিনিটে জিকোর সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর বাঁ পায়ের নিখুঁত শটে মিশরকে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ম্যাচের শেষদিকে ট্রেজেগুয়ের গোল নিশ্চিত করে দেয় মিশরের জয়। ৮২ মিনিটে নিচু হেডে জালের দেখা পেয়ে ব্যবধান ৩-১ করেন তিনি।

এই জয়ে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। আগামী শুক্রবার ইরানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত হবে তাদের।

ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস লুকাননি সালাহ। তিনি বলেন, এই সাফল্য ভবিষ্যতে মিশরীয় ফুটবলের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে বিবেচিত হবে।

মাঠে উপস্থিত বিপুলসংখ্যক মিশরীয় সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি। সালাহর ভাষায়, দর্শকদের সমর্থনে মনে হয়েছে যেন তারা নিজেদের দেশেই খেলছেন।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ও ইরান গোলশূন্য ড্র করায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে। শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড, আর ইরানের বিপক্ষে মাঠে নামবে মিশর।

Link copied!