ছবি: রয়টার্স
ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একই ঘটনায় আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।
আজ (শুক্রবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ জন বলে জানানো হয়েছিল।
এদিকে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা ওই দুই ভূমিকম্পের পর ভবন ধসে পড়ার আশঙ্কায় অনেকেই এখনো নিজেদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। ফলে বহু মানুষ পার্ক ও উন্মুক্ত স্থানে রাত কাটাচ্ছেন।
এ তথ্য জানিয়েছেন স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা। কারাকাস থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক মানুষ ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ধার তৎপরতার জন্য দ্রুত প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জাম নিশ্চিত করা।
মিরো কেসাদা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত, বৃহৎ পরিসরে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নির্বিঘ্নে পৌঁছে আটকে পড়া ও আহত মানুষদের সহায়তা করা।