ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার প্রায় একশ বিক্ষোভকারী সুরাবায়ার একটি সরকারি ভবনের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাদের প্রধান দাবির মধ্যে ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং সরকারের বহুল আলোচিত বিনামূল্যে খাবার কর্মসূচির পুনর্বিবেচনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছুড়ে মারেন এবং সড়কের ওপর আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে।
মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর জানান, মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার ভোর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
অন্যদিকে সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান বলেন, বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হয়। তিনি জানান, এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় বাজেটের ভার কমাতে সম্প্রতি ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে ইন্দোনেশিয়া সরকার। এর পর থেকেই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
রাজধানী জাকার্তাতেও হাজারো শিক্ষার্থী জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরকারের বহু বিলিয়ন ডলারের বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন।