ছবি: সংগৃহীত
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে ফ্রান্স। নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে দাপটের সঙ্গে। ম্যাচের সবচেয়ে বড় নায়ক উসমান দেম্বেলে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
প্রথমার্ধেই তিন গোল করে ২৯ বছরের অপেক্ষার অবসান, গোল্ডেন বুটের লড়াইয়ে দেম্বেলে।
শুক্রবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই নরওয়ের রক্ষণে ঝড় তোলেন দেম্বেলে। ৭, ২০ ও ৩২ মিনিটে টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হাতে তুলে দেন। তার একটি গোল আসে কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পাস থেকে।
বিশ্বকাপে প্রথমার্ধে হ্যাটট্রিকের ঘটনা খুবই বিরল। ১৯৯৪ সালে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পর এই প্রথম কোনো ফুটবলার প্রথম ৪৫ মিনিটেই তিন গোল করার কীর্তি গড়লেন।
ম্যাচ শেষে দেম্বেলে বলেন, দলের মূল লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এখন তাদের পুরো মনোযোগ নকআউট পর্বের দিকে।
ম্যাচে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন দেজিরে দুয়ে। অন্যদিকে নরওয়ে একটি গোল শোধ করলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি।
এই জয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে উঠেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।
চলতি বিশ্বকাপে দেম্বেলের গোলসংখ্যা দাঁড়িয়েছে চার। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এখন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন।
৬৫ মিনিটে কোচ তাকে বিশ্রাম দিয়ে মাঠ থেকে তুলে নেন। সামনে নকআউট পর্বে দেম্বেলে-এমবাপ্পে জুটি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।