সুইডেনের সঙ্গে ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০১:৩৬ পিএম

সুইডেনের সঙ্গে ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুইডেনের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে জাপান। এই ফলেই চলমান বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে দুই দল। ‘এফ’ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে জাপান, যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলেও সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউটের টিকিট পেয়েছে সুইডেন।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ছিল রক্ষণাত্মক ফুটবলের প্রাধান্য। দুই দলই সতর্ক থাকায় উল্লেখযোগ্য গোলের সুযোগ খুব কমই তৈরি হয়। বিরতির আগে জাপানের উইঙ্গার কেইতো নাকামুরার নিচু শট দুর্দান্ত ডাইভ দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রম। অন্য প্রান্তে ভিক্টর গিওকেরেসের শট শোগো তানিগুচির গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় জাপান। ৫৬তম মিনিটে রিটসু ডোয়ানের দারুণ পাস থেকে দাইজেন মায়েদা বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। চলমান বিশ্বকাপে এটি ছিল জাপানের সপ্তম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সামুরাই ব্লুরা। ৬২তম মিনিটে ডি-বক্সের কোণ থেকে বাঁ পায়ের দারুণ কার্লিং শটে জাপানের জালে বল জড়ান অ্যান্টনি এলেঙ্গা। তার দুর্দান্ত গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে।

গোলের পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সুইডেন। ৬৫তম মিনিটে আলেকজান্ডার ইসাকের নিশ্চিত গোলের শট দারুণ দক্ষতায় রুখে দেন জাপানের গোলরক্ষক জায়ন সুজুকি। ইনজুরি টাইমেও ইসাকের শক্তিশালী হেড তালুবন্দী করে দলকে হার থেকে বাঁচান তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে জাপান। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে সুইডেন।

Link copied!