জুন ২৭, ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। এই হারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে।
শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। মার্কোস লোরেন্তের ক্রস থেকে আলেক্স বায়েনার নেওয়া শট উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা তালুবন্দি করতে ব্যর্থ হন। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে, আর সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফলে নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এড়াতে পেরেছে তারা। আগামী বৃহস্পতিবার শেষ ৩২-এ স্পেনের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।
অন্যদিকে উরুগুয়ের পরাজয়ে ইতিহাস গড়ে নকআউটে জায়গা করে নিয়েছে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। গ্রুপের রানার্সআপ হিসেবে তারা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার।
ম্যাচের শুরুতে দুই দলই খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। স্পেন প্রথমার্ধে তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে না পারলেও ৪২তম মিনিটে মুসলেরার ভুলে এগিয়ে যায়।
বিরতির পর উরুগুয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে। কোচ মার্সেলো বিয়েলসা একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি তার দল।
অন্যদিকে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তেও দ্বিতীয়ার্ধে ডানি ওলমো ও ফাবিয়ান রুইজকে নামিয়ে আক্রমণে গতি আনেন। লামিন ইয়ামাল সহজ একটি সুযোগ নষ্ট করেন, আর শেষ দিকে ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
টুর্নামেন্ট শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত স্পেন গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকেই। তিন ম্যাচে কোনো গোলও হজম করেনি তারা। অন্যদিকে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।