ফিফা বিশ্বকাপ ২০২৬

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

জাতীয় ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০১:৩০ পিএম

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে দারুণ এই জয়ে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে উঠেছে জার্মানি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত পাস থেকে নিচের কোণে বল জড়িয়ে দেন লেরয় সানে। যদিও গোলটির আগে আলেকজান্ডার পাভলোভিচের ফাউলের অভিযোগ তুলেছিলেন ইকুয়েডরের খেলোয়াড়রা। তবে রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।

দ্রুতই ম্যাচে সমতা ফেরায় ইকুয়েডর। নবম মিনিটে পেদ্রো ভিতের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন নিলসন অ্যাঙ্গুলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই জয়ের জন্য লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে কর্নার থেকে কেভিন রদ্রিগেজের হেডে নামিয়ে দেওয়া বল দুর্দান্ত ভলিতে জালের ছাদে পাঠান গনসালো প্লাতা। ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

বাকি সময়ে আর কোনো গোল না হলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় ইকুয়েডর। জয়ের পর খেলোয়াড়, কোচিং স্টাফ ও গ্যালারিতে থাকা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

Link copied!