ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুটের লড়াই শুরু থেকেই জমে উঠেছে। মাত্র দুই ম্যাচ শেষ হতেই শীর্ষ গোলদাতাদের মধ্যে প্রতিযোগিতা পৌঁছে গেছে নতুন উচ্চতায়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডদের গোলের এই দৌড় টুর্নামেন্টে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।
দুই ম্যাচ শেষে ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি। তার পেছনে ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে দুই ম্যাচ শেষে তিনজন খেলোয়াড় ৪ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।
এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছিল।
সাম্প্রতিক কয়েক ঘণ্টায় বিশ্ব ফুটবল দেখেছে তারকা ফরোয়ার্ডদের গোল করার এক দুর্দান্ত প্রদর্শনী। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন মেসি।
এরপরই জবাব দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আবহাওয়া বিপর্যয়ের কারণে বিঘ্নিত ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচটিও স্মরণীয় করে রাখেন এমবাপ্পে।
দুই প্রতিদ্বন্দ্বী তারকার পারফরম্যান্সের পর নিজের উপস্থিতি জানান দেন আর্লিং হালান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে শেষ ৩২-এ তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত সূচনা করেছেন হালান্ড। একদিকে মেসি, অন্যদিকে এমবাপ্পে ও হালান্ড—গোলের এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তেজনা উপহার দিচ্ছে।
এই লড়াই আরও জমে উঠতে পারে মঙ্গলবারই। ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন আবার মাঠে নামছেন নিজের গোলসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে।
সেরাদের এই গোলক্ষুধা নিয়ে ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেনস বিবিসি স্পোর্টসকে বলেন, ‘বড় তারকাদের তাড়নাটাই আলাদা, তারা সবসময় বল নিজের পায়ে চায়। আমার মনে হয়, তারা কেবল এবারের গোল্ডেন বুটের পেছনেই ছুটছেন না; তাদের মধ্যে কয়েকজন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙার লক্ষ্যেই মাঠে নামছেন।’
গ্রুপ পর্বের শুরুতেই একের পর এক রেকর্ড গড়ে এবং ভেঙে যাচ্ছে। ফলে গোল্ডেন বুটের এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।