রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৩:১৬ পিএম

রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

প্রাণে বাঁচলেন ছেলে, পরিচিত এক ব্যক্তিকে সন্দেহ পুলিশের

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পরিবারের কর্তা, তার স্ত্রী এবং ছয় বছর বয়সী কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে।

ইতালির জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, রোমের কাসালোত্তি এলাকার ভায়া মন্তিগলিওতে নিজ বাসায় নিহত হন কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের মেয়ে আরসোয়া (৬)।

আহত ছেলে আনিয়ানকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যাকারী পরিবারের পূর্বপরিচিত এবং সম্ভবত বাংলাদেশি। বাসার দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন না থাকায় তদন্তকারীরা মনে করছেন, পরিচিত হওয়ায় ভুক্তভোগীরাই তাকে ঘরে প্রবেশের সুযোগ দিয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন আনিয়ান পুলিশকে জানিয়েছেন, তিনি সন্দেহভাজন ব্যক্তিকে চিনতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত একই সুপারমার্কেট চেইনে তার সহকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার পর নীল রঙের শার্ট পরা এক ব্যক্তিকে হেঁটে এলাকা ত্যাগ করতে দেখা যায়।

রোম পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীদের আশা, বেঁচে যাওয়া আনিয়ানের জবানবন্দি হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় কাসালোত্তি এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে জড়ো হওয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।

Link copied!