চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৫:০০ পিএম

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ডে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ষোলশহর এলাকার মেয়র গলির মুক্তিযোদ্ধা পাহাড়ে দুপুর ১টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে পাহাড়ের পাদদেশে থাকা একটি ঘরের ওপর মাটি চাপা পড়ে সুমাইয়া আক্তার (১২) নামে এক কিশোরী গুরুতর আহত হয়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল সালেহীন জানান, মুক্তিযুদ্ধ কলোনির ছয়টি ঘরের মধ্যে দুটি ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান পরিচালিত হয়।

অন্যদিকে, সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে ১০ মাস বয়সী শিশু মো. আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়। সে ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ের কিনারে থাকা কাঁচা ঘরটির ওপর মাটি ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ভারী বৃষ্টির কারণে কাঁচা ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার নগরীর পাঁচলাইশ এলাকায় পাহাড়ধসে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি থাকায় পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Link copied!