ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সংস্থাটি বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের তদন্তের পাশাপাশি ম্যাচের প্রধান রেফারি ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়ার আবেদন জানিয়েছে।
আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তের তদন্ত দাবি, রেফারিকে আর দায়িত্ব না দেওয়ার আবেদন
ম্যাচ শেষে প্রথমে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রেফারির কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।
এমনকি তিনি দাবি করেন, ম্যাচের ফল ‘আগেই ঠিক করা ছিল’ এবং আর্জেন্টিনার পক্ষ থেকে ফরাসি রেফারির ওপর চাপ ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এরপর ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানান। তার অভিযোগ, রেফারি ও তার সহকারীদের একাধিক সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিশরের আপত্তির মূল কেন্দ্র দুটি সিদ্ধান্ত। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউল হলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে দাবি করেছে ইএফএ।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফিফা।
অন্যদিকে এই বিতর্কে না জড়িয়ে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।