কোয়ার্টার ফাইনালের আগে সুবিধাজনক অবস্থানে আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০২:৪৪ পিএম

কোয়ার্টার ফাইনালের আগে সুবিধাজনক অবস্থানে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্রাম ও ভ্রমণে বাড়তি সুবিধা পাচ্ছে মেসিরা, ধকল নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই রোমাঞ্চকর জয়ের পর লিওনেল স্কালোনির দলের জন্য এসেছে আরও একটি স্বস্তির খবর।

শেষ আটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে ম্যাচের আগে বিশ্রাম ও ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইসরা।

অতিরিক্ত ৩০ মিনিট খেলার ধকল কাটানোর আগেই তাদের প্রায় পাঁচ ঘণ্টার বিমানযাত্রা করে কানসাস সিটিতে যেতে হয়েছে।

অন্যদিকে আটলান্টায় মিশরকে হারানো আর্জেন্টিনার ভ্রমণ ছিল অনেকটাই সহজ। মাত্র দুই ঘণ্টার ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার মধ্যেই কানসাসে পৌঁছে অনুশীলন শুরু করে লিওনেল মেসির দল।

বিপরীতে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা পর্যন্ত মাঠেই ছিল সুইজারল্যান্ড। এরপর দীর্ঘ বিমানযাত্রা শেষে তাদের পৌঁছাতে হয়েছে ম্যাচ ভেন্যুর শহরে।

যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত ভ্রমণের দিক থেকে বেশ সুবিধাজনক সূচিই পেয়েছিল সুইসরা। গ্রুপ পর্বে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে ম্যাচ খেলেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর দুই ম্যাচও একই শহর ভ্যাঙ্কুভারেই খেলতে পেরেছিল।

অন্যদিকে আর্জেন্টিনাকেও এর আগে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ৩২-এর ম্যাচে মিয়ামির তীব্র গরমে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট লড়তে হয়েছিল স্কালোনির দলকে।

কানসাস সিটিতে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দুই দলই প্রায় সাড়ে তিন দিনের বিশ্রাম পেলেও অতিরিক্ত সময় খেলা ও দীর্ঘ ভ্রমণের কারণে শারীরিকভাবে কিছুটা বেশি ধকল নিয়েই মাঠে নামবে সুইসরা।

বিশ্বকাপের সূচি শেষের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে ম্যাচের মধ্যকার বিরতি কমে আসছে। ফলে শিরোপার লড়াইয়ে কৌশলের পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ও ক্লান্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Link copied!