টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে সুইসরা

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০২:১৪ পিএম

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল সুইসরা।

মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর শেষ ম্যাচে শুরু থেকেই রক্ষণভাগে দারুণ শৃঙ্খলা দেখায় দুই দল। ফলে ১২০ মিনিটেও গোলের দেখা মেলেনি।

টাইব্রেকারে দুই দলই প্রথম দিকে একটি করে শট নষ্ট করে। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। কলম্বিয়ার কুচো হার্নান্দেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। শেষ শটটি জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে জয় এনে দেন রুবেন ভার্গাস।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ২১তম মিনিটে। কলম্বিয়ার গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট অসাধারণ সেভে ফিরিয়ে দেন কোবেল।

প্রথমার্ধের শেষদিকে আক্রমণের গতি বাড়ায় সুইজারল্যান্ড। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস ফাবিয়ান রিডার ও দান এনদোয়ের দুটি ভালো সুযোগ নষ্ট করে দেন। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি। কলম্বিয়ার অন্যতম ভরসা লুইস দিয়াজকে পুরো ম্যাচে কার্যকরভাবে আটকে রাখে সুইস রক্ষণভাগ।

অতিরিক্ত সময়েও নাটকীয়তা কম ছিল না। কর্নার থেকে জন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। পরে জামিন্তন কাম্পাসের শক্তিশালী শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোবেল। অন্য প্রান্তে জেকি আমদুনির শট রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস।

শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কোবেলের দুর্দান্ত সেভ ও রুবেন ভার্গাসের জয়সূচক শটে শেষ আট নিশ্চিত করে সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে শনিবার কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইসরা। এর আগে শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।

Link copied!