টানা বৃষ্টিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:২৩ পিএম

টানা বৃষ্টিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালী

ছবি: সংগৃহীত

ভূমিধসের ঝুঁকিতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে সিদ্ধান্ত

টানা ভারী বর্ষণে ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙ্গামাটিতে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালীর সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া রাঙ্গামাটি জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ।

Link copied!