ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে প্রশাসন। ঝড়-বৃষ্টি ও উত্তাল নদীর কারণে তারা প্রায় পাঁচ ঘণ্টা চরে আটকা ছিলেন।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। তিনি জানান, শুক্রবার গভীর রাতে আটকে পড়া সবাইকে উদ্ধার করে আলেকজান্ডার এলাকায় ফিরিয়ে আনা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে শুক্রবার বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌযানে করে নারী, পুরুষ ও শিশুসহ বহু পর্যটক চর আব্দুল্লাহতে বেড়াতে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই আবহাওয়ার অবনতি ঘটে। ঝড়-বৃষ্টির সঙ্গে নদী উত্তাল হয়ে ওঠায় তাদের ফিরে আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
খবর পেয়ে প্রশাসন, থানা পুলিশ ও নৌপুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাতে নদীতে জোয়ার এলে পর্যটকদের নিরাপদে চর থেকে সরিয়ে আনা সম্ভব হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, চরে আটকে পড়া মানুষের খবর পাওয়ার পর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। পরিস্থিতি অনুকূলে এলে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঈদের সময় আলেকজান্ডার বেড়িবাঁধ ও আশপাশের চরগুলোতে বিপুলসংখ্যক মানুষ ঘুরতে আসেন। ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত এই এলাকায় প্রতিবছরই পর্যটকদের ভিড় দেখা যায়।
প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।