রবিবার থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:৩৯ পিএম

রবিবার থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও স্বস্তি আনতে মেট্রোরেলের সেবার সময় বাড়ানো হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের দিকে যাত্রী পরিবহনের সময়সীমা বাড়িয়ে দিচ্ছে কর্তৃপক্ষ, যা আগামী রবিবার থেকে কার্যকর হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, উভয় প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় অতিরিক্ত ২০ মিনিট বৃদ্ধি করা হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে।
একইভাবে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। বর্তমানে এ রুটে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা সম্প্রসারণের আগে গত এক মাস ধরে বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতি সফলভাবে শেষ হওয়ায় নতুন সময়সূচি চালু করা হচ্ছে।

প্রাথমিকভাবে বর্ধিত সময়ের মধ্যে প্রতিটি দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে। ফলে ওই সময়ে ট্রেনের মধ্যে প্রায় ১০ মিনিটের ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নজরুল ইসলাম জানান, নতুন সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার থেকেই যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে কর্মজীবী মানুষ ও রাতের যাত্রীদের পক্ষ থেকে মেট্রোরেলের সময় বাড়ানোর দাবি ছিল। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে অফিসফেরত যাত্রীসহ নগরবাসীর যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!