এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে হজ করতে চাওয়া ব্যক্তিদের আশ্রয় দিলে কঠোর জরিমানার মুখে পড়তে হবে এমন সতর্কতা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক লিখিত ঘোষণায় জানানো হয়েছে, অনুমোদন ছাড়া হজ করতে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৭০ হাজার টাকার বেশি।
মন্ত্রণালয় বলছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা কিংবা যেকোনো ধরনের আশ্রয়স্থলে এমন ব্যক্তিদের রাখলে এই শাস্তি প্রযোজ্য হবে। এমনকি কেউ যদি অবৈধভাবে কাউকে মক্কা বা আশপাশের ধর্মীয় এলাকায় অবস্থান করতে সহযোগিতা করেন, তিনিও একই আইনের আওতায় পড়বেন।
ঘোষণা অনুযায়ী, হজ মৌসুমজুড়ে জিলকদ মাসের শুরু থেকে জিলহজের মাঝামাঝি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
প্রতিবছরই দেখা যায়, অনেক বিদেশি দর্শনার্থী ভিসা নিয়ে হজ করার চেষ্টা করেন। এতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে অনেককে ফেরত পাঠায় সৌদি কর্তৃপক্ষ।
হজের শৃঙ্খলা বজায় রাখা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো অনিয়ম চোখে পড়লে তা নির্ধারিত জরুরি নম্বরে জানাতে বলা হয়েছে।