এপ্রিল ২৯, ২০২৬, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত
শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে ভিসা দেওয়া হবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বুধবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়।
দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যদি সন্তানের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা হয়, তাহলে সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা আবেদন সরাসরি বাতিল করতে পারেন।
https://www.facebook.com/share/p/1aRRooegS3/
এ ধরনের ভ্রমণকে ভিসার অপব্যবহার হিসেবে বিবেচনা করা হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়। তাই আবেদনকারীদের প্রকৃত ভ্রমণ উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে এবং নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়ন্ত্রণে এমন অবস্থান আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।