জুলাই ৭, ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেললাইন পানিতে ডুবে গেছে। একই সঙ্গে ঝড়ে কয়েকটি স্থানে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে নগরের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে গেছে। ট্রেনটিতে রয়েছেন প্রায় ৮০০ জন যাত্রী।
আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ওই এলাকায় আটকে পড়ে। বিকাল ৪টা পর্যন্ত ট্রেনটি সেখানেই অবস্থান করছিল। তবে পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর যাওয়ার পর রেললাইনে পানি জমে যাওয়ায় ট্রেনটি আটকে যায়।
ষোলশহরের জানালিহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‘রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে ৮০০ জন যাত্রী রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনও কোনও সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
রেলওয়ের কর্মকর্তারা জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটির বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেললাইন পানি এবং কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন সুন্নিয়া মাদ্রাসা এলাকায় থামিয়ে দেওয়া হয়। রেললাইন সচল হলে এটি ছেড়ে যাবে।’