জুলাই ৮, ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে শিবিরে দেখা দিয়েছে অসুস্থতার প্রকোপ। দলের কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ স্টালে সোলবাক্কেন।
শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সোলবাক্কেন জানান, দলে কিছুটা অসুস্থতা ছড়িয়ে পড়লেও পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।
নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি অসুস্থতার কারণে দলের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেনও ফ্লুতে আক্রান্ত হওয়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারেননি।
তবে বিষয়টি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই নরওয়ে কোচ।
সোলবাক্কেন বলেন, “আমাদের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”
তিনি আরও বলেন, “এটি গুরুতর কিছু নয়। সামান্য কাশি ও গলা বসে যাওয়ার সমস্যা রয়েছে। এয়ার কন্ডিশনিং, বিমান ভ্রমণ এবং ড্রেসিংরুমে দীর্ঘ সময় একসঙ্গে থাকার কারণে এমনটা হতেই পারে। আমাদের দলে ৫০ জনের বেশি সদস্য রয়েছে। তাই সামান্য অসুস্থতা থাকাটা অস্বাভাবিক নয়।”
চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে চমক দেখিয়েছে নরওয়ে। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।
হালান্ড এখন পর্যন্ত টুর্নামেন্টে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা খেলোয়াড়দের কাতারে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই এবার শেষ আটের লড়াইয়ে নামছে নরওয়ে।