বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৩:২৫ পিএম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

ছবি: সংগৃহীত

হলিউডের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে ক্রিস্টোফার নোলান এক অনন্য নাম। তার সিনেমা মানেই দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা, ভিন্ন ভাবনার জগৎ এবং গল্প বলার এক অভিনব ধরন। বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে তার নির্মিত একাধিক সিনেমা।

স্বপ্নের জটিল জগৎ, সময়ের রহস্য কিংবা মহাকাশের অসীম বিস্তার—সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে বিশাল বাজেটের এই সিনেমা। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাই ছবির মূল উপজীব্য।

ট্রোজান যুদ্ধে অংশ নিয়ে এক দশক যুদ্ধক্ষেত্রে কাটানোর পর দেশে ফেরার পথে নানা প্রতিকূলতার মুখে পড়েন ওডিসিয়াস। ভয়ংকর সমুদ্র, অজানা দ্বীপ, রহস্যময় প্রাণী এবং দেব-দেবীর রোষ পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফিরে আসার সংগ্রামই এই মহাকাব্যের কেন্দ্রীয় গল্প।

সিনেমাটিতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। এছাড়া ছবিতে দেখা যাবে রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকাকে।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিশাল পরিসর।

তিনি বলেন, প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।

নোলান আরও বলেন, ‘দ্য ওডিসি’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড়, কঠিন এবং উচ্চাভিলাষী প্রকল্প। হোমারের অমর মহাকাব্যকে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না বলেও জানান তিনি।

মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে সিনেমাটির শুটিং। যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন সিকোয়েন্স তৈরি করতে দীর্ঘ সময় ধরে চলেছে পরিকল্পনা ও প্রস্তুতি।

সিনেমাটিতে টেলেম্যাকাস চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, মরক্কোর সেটে গিয়ে তার মনে হয়েছিল তিনি যেন কয়েক হাজার বছর পেছনের কোনো সময়ে চলে গেছেন। বিশাল বালিয়াড়ি পেরিয়ে হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং যুদ্ধের প্রস্তুতি দেখে তিনি মুগ্ধ হন। তার ভাষায়, ‍‍`মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।‍‍`

অন্যদিকে, ওডিসিয়াস চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন বিশাল আয়োজন তিনি খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগুনে জ্বলতে থাকা বাড়িঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পীর যুদ্ধের দৃশ্য এবং বিশাল আয়োজন দেখে সেটটি বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়েছিল।

প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারে নতুন অধ্যায় তৈরি করেছে। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলানের লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা দেওয়া।

সব মিলিয়ে, ‘দ্য ওডিসি’ নোলানের চলচ্চিত্রজীবনে নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে—এমন প্রত্যাশাই তৈরি হয়েছে বিশ্বজুড়ে।

Link copied!