উত্তরায় সড়ক অবরোধ, বিকল্প পথে চলার পরামর্শ ডিএমপির

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

উত্তরায় সড়ক অবরোধ, বিকল্প পথে চলার পরামর্শ ডিএমপির

রাজধানীর উত্তরা এলাকায় চলমান সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

বুধবার এক ট্রাফিক বার্তায় ডিএমপি জানায়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর প্রভাব পড়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কেও। বিশেষ করে বিমানবন্দরমুখী অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় না যাওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Link copied!