ছবি : সংগৃহীত
রাজধানীর বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন—সেলুনকর্মী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭), কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) এবং মো. রফিক (২৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এসি বিস্ফোরণের ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ফারুকের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে, যা সবচেয়ে বেশি। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, শমসেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিবের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার কারণ এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।