জুলাই ১৫, ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ইরান সমঝোতার পথে না এলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো যুক্তরাষ্ট্রের হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো আমাদের হামলার লক্ষ্য হবে। এরপর সেতুগুলোতেও হামলা চালানো হবে।”
তিনি আরও বলেন, “তারা আলোচনার টেবিলে ফিরে এসে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে যাব।”
এমন মন্তব্যের মধ্যেই টানা চতুর্থ দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করা হয়েছে।
গত ১৭ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দুই পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইরান পরিস্থিতি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।”