ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠছে। গত জুন মাসের শেষ সপ্তাহে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে মাত্র আট দিনের ব্যবধানে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন বয়স্করা।
রোববার ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রায় ৯০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
গবেষকদের মতে, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া, হিটস্ট্রোক এবং তাপজনিত অন্যান্য জটিলতাই অধিকাংশ মৃত্যুর জন্য দায়ী। তবে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের ধারণা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ফ্রান্স ও বেলজিয়াম রয়েছে।
এদিকে যুক্তরাজ্যেও তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মে ও জুন মাসে শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই তাপজনিত কারণে অন্তত ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় ইউরোপে এমন চরম তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।